পরিবেশের ভারসাম্য রক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রাঙ্গণ সবুজায়নের লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে উপজেলার বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলা প্রশাসন ও আত্রাই উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এ চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের প্রতিনিধিদের মাঝে বনজ ও ফলদ বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এসব চারা রোপণের জন্য প্রতিনিধিদের উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আকবর আলী, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন মসজিদের প্রতিনিধিরা।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি প্রত্যেক নাগরিককে বেশি করে গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণের আহ্বান জানান।