নওগাঁর আত্রাইয়ে জুলাই শহিদ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা শহিদদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান, বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার এবং জুলাই শহিদ শাকিল আহম্মেদের পিতা আবেদ আলী।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।