কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪৭ কেজি গাঁজা ও ইয়াবাসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে মাদক মামলার ২ জন, হত্যা মামলার ৪ জন, ডাকাতি মামলার ৩ জন এবং সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ২ জন আসামি রয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় থানা এলাকার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর দাউদকান্দি প্রান্তে বিশেষ ডিউটির সময় এসআই (নিরস্ত্র) আবুল কাওসার একটি ডাবল কেবিন পিকআপে তল্লাশি চালিয়ে ৪৭ কেজি গাঁজাসহ নুর আলম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেন। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। নুর আলমের বাড়ি পটুয়াখালী সদরে।
এদিকে, গত ১৩ জুলাই বিকেলে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে দাউদকান্দির কুশিয়ারা গ্রামের একটি হত্যা মামলার চার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন—জাহাঙ্গীর হোসেন (৪৯), নূর মোহাম্মদ বাবু (১৯), শাহনারা বেগম (৫৪) ও হানিফ (৭০)।
একই দিন ভোর সাড়ে ৩টার দিকে গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে একটি নিয়মিত ডাকাতি মামলার তিন আসামি সাফিন (২২), ফাহাদ (২৪) ও সাকিলকে (২২) গ্রেফতার করা হয়।
এর আগে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে মারুকা ইউনিয়নের দক্ষিণ মারুকা এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ চাঁদপুরের সিয়াম হোসেন মানিক (২৫) নামে এক যুবককে আটক করেন এসআই (নিরস্ত্র) কমল কৃষ্ণ।
অন্যদিকে, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সামসুল আলম ও এএসআই (নিরস্ত্র) সজল কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজার এলাকায় অভিযান চালিয়ে ছয় মাসের সাজাপ্রাপ্ত সালমা বেগম এবং পরোয়ানাভুক্ত আসামি খোরশেদ আলমকে গ্রেফতার করে।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।