কুমিল্লার দেবিদ্বার উপজেলায় অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা সবুজ (৩০) নামে এক বিবাহিত যুবককে প্রধান আসামি করে এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে মঙ্গলবার রাতে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি তার মাদ্রাসার অধ্যক্ষকে জানায়। অধ্যক্ষ বিষয়টি শিক্ষার্থীর পরিবারকে অবহিত করলে তারা আইনি পদক্ষেপ গ্রহণ করেন।
এদিকে, অভিযোগ রয়েছে যে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার জন্য প্রায় তিন লাখ টাকার দেনদরবারের চেষ্টা করা হয়। তবে বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং পরে তা পুলিশের নজরে আসে।
পুলিশ জানায়, ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলার পর মঙ্গলবার রাতেই অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। তবে অভিযুক্তরা পলাতক রয়েছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মামলা দায়েরের পরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। তাদের দ্রুত আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। আশা করছি, খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
(বিস্তারিত আসতেছে….)