কুমিল্লায় আর্জেন্টিনা–মিশরের ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে সংঘর্ষে শরিফুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা গ্রামের মতিউর রহমানের ছেলে। জীবিকার তাগিদে তিনি কুমিল্লা নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পেশায় তিনি একজন মিশুক চালক ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই সংকর কান্তি দাস ডেইলি টাইমস নিউজ-কে জানান, আর্জেন্টিনা–মিশরের ফুটবল ম্যাচ চলাকালে আর্জেন্টিনা প্রথম গোল হজম করার পর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও কিল-ঘুষির ঘটনা ঘটে। এতে শরিফুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে কুমিল্লা ট্রমা সেন্টারে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ডেইলি টাইমস নিউজ-কে জানান, খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, উঠতি বয়সী কয়েকজন যুবকের কিল-ঘুষিতে শরিফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লাগে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।