কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার পুলিশের বিশেষ অভিযানে ৬ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দক্ষিণ তেতাভূমি এলাকায় এক আসামির বসতঘরের পাশের খালের পাড় থেকে ৬ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি মৃত আব্দুল জলিল ও মৃত নুরজাহান খাতুনের ছেলে। তাঁর বাড়ি উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে, তাকে আদালতে পাঠানো হবে।