কুমিল্লার দেবীদ্বারে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৩০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার, কৃষি যন্ত্রপাতি ও বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক অশোক বিক্রম চাকমা কর্মসূচির উদ্বোধন করেন।
বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল এন-৫৩ জাতের পেঁয়াজ বীজ, হাইব্রিড মরিচ বীজ, উফশী রোপা আমন ধানের বীজ, উফশী ও হাইব্রিড গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, পেঁয়াজের এয়ার ফ্লো মেশিন, বিভিন্ন গাছের চারা ও কলম, লেবুর চারা এবং ১০ মেট্রিক টন রাসায়নিক ও জৈব সার।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শাহীন আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফখরুল ইসলাম এবং দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশারসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায় কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষি প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রণোদনার বীজ, সার ও চারা যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, “সরকারের দেওয়া বিনামূল্যের বীজ, সার ও চারা সঠিকভাবে ব্যবহার করতে হবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন ও লাভ নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি, পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি এবং উন্নত কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে হবে।”
কৃষি বিভাগ জানায়, এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকেরা উন্নত জাতের বীজ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবেন, যা স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।