মাদকের ভয়াবহতা প্রতিরোধ এবং মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে কুমিল্লা বাঁচাও মঞ্চ-এর ১২ নম্বর ওয়ার্ড।
মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কুমিল্লা বাঁচাও মঞ্চের ১২ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম জাকারিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মো. নাসির উদ্দিন।
এ সময় বক্তব্য দেন কুমিল্লা মাদকবিরোধী জোটের সভাপতি মো. আব্দুস সামাদ, বাসদের আব্দুর রাজ্জাক, এনসিপির এস বি জুয়েল, নিরাপদ চালক চাই-এর সভাপতি আজাদ সরকার লিটন, মহানগর বাঁচাও মঞ্চের যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদ হোসেন, সাজেদা বেগম লাভলী, সদর উপজেলা বাঁচাও মঞ্চের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অন্তর, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আব্দুল্লাহ, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক আবু জাহিদ, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি রফিকুল ইসলাম বালন, ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি ফজলে আব্বাস বাবু ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান, ১২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোবাশ্বেরুল আলম লিটন, আমড়াতলী ইউনিয়নের সভাপতি মুরাদ হোসেন বাবর, ৮ নম্বর ওয়ার্ডের মেহেদী হোসেন, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আবদুল মাসুসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ।
বক্তারা বলেন, মাদকের বিস্তারের পেছনে কিছু অসাধু সরকারি কর্মকর্তা-কর্মচারীর দায়বদ্ধতার অভাব এবং রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি রয়েছে। তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও কার্যকর ও আধুনিকায়নের দাবি জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে সৎ, নিরপেক্ষ ও দায়িত্বশীল থেকে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
মানববন্ধন শেষে কুমিল্লা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালকের কাছে বিভিন্ন দাবি-সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।