কুমিল্লার দাউদকান্দিতে ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ড. মোশাররফ ফাউন্ডেশনের সদস্য সচিব ড. খন্দকার মারুফ হোসেন।
তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ভালো ফলাফলের কোনো বিকল্প নেই। নকলের দিন শেষ। নকল করে ভালো ফল করা গেলেও ভালো চাকরি বা উচ্চশিক্ষার ভালো প্রতিষ্ঠানে সুযোগ পাওয়া যায় না। সফলতার জন্য পরিশ্রম, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসকে সঙ্গী করতে হবে।”
তিনি আরও বলেন, আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে। শতভাগ নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে পরীক্ষার হলে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা কঠোর নজরদারি করবেন।
ড. মারুফ হোসেন বলেন, সরকার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। শিক্ষাক্ষেত্রে বিদ্যমান দুর্নীতি ও বিশৃঙ্খলা দূর করে গুণগত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাকালীন ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, বিদায়ী শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।