কক্সবাজারের টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে পড়া একটি যাত্রীবাহী বাসের সকল যাত্রীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্ঘটনায় দুই নারী ও এক শিশুসহ তিনজন গুরুতর আহত হন। তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন বিজিবি।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, দমদমিয়া বিওপি থেকে প্রায় ৫০০ মিটার দক্ষিণে কেয়ারী ঘাটসংলগ্ন নৌ-পুলিশ ফাঁড়ির পাশের ব্রিজে কক্সবাজার-টেকনাফগামী পালকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নং: কক্সবাজার-জ-১১-০২৩২) নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে পাশের খালে উল্টে পড়ে।
দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দমদমিয়া বিওপির বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। বিজিবি সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বাসে থাকা সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
দুর্ঘটনায় আহত দুই নারী ও এক শিশুকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। স্থানীয়দের সহযোগিতায় বিজিবি সদস্যরা উদ্ধার অভিযান সম্পন্ন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো দুর্যোগ, দুর্ঘটনা ও মানবিক সংকটে জনগণের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে বাহিনীটি। ভবিষ্যতেও জনসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডে বিজিবি সর্বদা প্রস্তুত থাকবে বলে জানানো হয়েছে।