কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে আলমগীর হোসেন (৫০) নামে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার হাঁড়ি সর্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন পাবনা জেলার আমিনপুর থানার রাজা নারায়নপুর গ্রামের মৃত আবদুল করিম মৃধার ছেলে। তিনি শ্যামলী এন.আর ট্রাভেলসের সুপারভাইজার ছিলেন।
পুলিশ জানায়, শ্যামলী এন.আর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে হাঁড়ি সর্দার এলাকায় পৌঁছালে সামনে থাকা সেন্টমার্টিন সৌহার্দ্য পরিবহনের একটি বাস হঠাৎ কোনো ধরনের সিগন্যাল বা সংকেত ছাড়াই মহাসড়কের বাম পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এ সময় পিছন থেকে আসা শ্যামলী বাসটি নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটিকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষে শ্যামলী বাসের সুপারভাইজার আলমগীর হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর উভয় বাসের চালক পালিয়ে যান। পুলিশ দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, “দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”