সোমবার (১৬ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন পুলিশ সুপার। তিনি বলেন, বর্তমান সমাজে মাদকাসক্তি, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা এবং সাইবার অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব সামাজিক সমস্যা প্রতিরোধে শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং এর কুফল সম্পর্কে সবাইকে সচেতন করা জরুরি।
বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি সামাজিক ব্যাধি এবং আইনত দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহের ফলে কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়। এ ধরনের ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের পাশাপাশি পরিবার ও সমাজকেও এগিয়ে আসতে হবে।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন এবং সচেতন নাগরিক হিসেবে দায়িত্বশীল আচরণ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তার ভাষায়, সামান্য অসচেতনতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
সাইবার অপরাধ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে পুলিশ সুপার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। তিনি অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য বা ব্যক্তিগত ছবি শেয়ার না করা, অনলাইন প্রতারণা, সাইবার বুলিং এবং মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে সংঘটিত প্রতারণা সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন। পাশাপাশি কোনো ধরনের অনলাইন হয়রানি বা প্রতারণার শিকার হলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানান।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ অনুষ্ঠানে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় তারা বিভিন্ন বিষয় নিয়ে পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করেন এবং নিজেদের প্রশ্ন তুলে ধরেন। প্রশ্নোত্তর পর্বে মাদক, বাল্যবিবাহ, সাইবার নিরাপত্তা ও আইনসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশ সুপার। এছাড়া গুরুত্বপূর্ণ প্রশ্ন ও মতামত উপস্থাপনকারী কয়েকজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. রাবেয়া খাতুন। তিনি এ ধরনের সময়োপযোগী ও শিক্ষণীয় আয়োজনের জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুসরণ করে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
সভা শেষে শিক্ষার্থীরা ভবিষ্যতে সচেতন, মানবিক, আইন মেনে চলা এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে।