কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের পূর্ব চন্ডিপুর এলাকায় দুই সন্তানকে রেখে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন সুমি আক্তার (৩৫) নামে এক গৃহবধূ। গত ১ জুন সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ সারমিন আক্তারের স্বামী পূর্ব চন্ডিপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মো. শরিফুল ইসলাম জানান, গত ১ জুন বিকেলে কাজ শেষে বাড়িতে ফিরে তিনি স্ত্রীকে খুঁজে পাননি। পরে সন্তানদের কাছে জানতে চাইলে তার ৮ বছর বয়সী মেয়ে ফারিহা আক্তার জানায়, সকালে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
শরিফুল ইসলাম আরও জানান, স্ত্রী নিখোঁজ হওয়ার পর শ্বশুরবাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। একই সঙ্গে ঘরে রাখা গরু বিক্রির ১ লাখ ৬৮ হাজার টাকা, কিস্তি থেকে উত্তোলন করা ৯০ হাজার টাকা এবং প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকারসহ আনুমানিক ৪ লাখ টাকার মালামালও পাওয়া যাচ্ছে না।
এদিকে মাকে হারিয়ে দুই বছরের আবদুল্লাহ ও আট বছরের ফারিহা মানসিকভাবে ভেঙে পড়েছে। পরিবারের সদস্যরা শিশুদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও তারা বারবার মায়ের খোঁজ করছে।
নিখোঁজ গৃহবধূর ভাই মো. মোবারক হোসেন বলেন, “আমার বোনের স্বামী একজন ভালো মানুষ। ছোট ছোট সন্তান রেখে সে কোথায় গেল আমরা বুঝতে পারছি না। আমরা তার সন্ধান চাই এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানাই।”
এ ঘটনায় গত ৩ জুন ব্রাহ্মণপাড়া থানায় নিখোঁজ ব্যক্তির সন্ধান চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শরিফুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে জানা গেছে, সুমি আক্তার স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছেন। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।