1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চর দখলকে কেন্দ্র করে মেঘনা-তিতাসে রক্তক্ষয়ী সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ২৫

স্টাফ রিপোর্টার, কুমিল্লা
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৫৩ বার পঠিত

কুমিল্লার মেঘনা ও তিতাস উপজেলার সীমান্তবর্তী চর বিনোদনপুর এলাকায় বিরোধপূর্ণ চর জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর ও একটি মুদি দোকানে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৫ জুন) সকালে সংঘর্ষ শুরু হলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মেঘনা ও তিতাস থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষের খবর সংগ্রহ করে ফেরার পথে হামলার শিকার হন ডেইলি টাইমস নিউজের মেঘনা-তিতাস প্রতিনিধি এমরান হোসেন রিটন। তার অভিযোগ, চরবিলোনপুর এলাকার হযরত আলী, মোখলেস ও আলীপুর এলাকার আক্তারসহ কয়েকজন তার ওপর হামলা চালিয়ে মারধর করেন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিরোধের সূত্রপাত বহু বছরের পুরোনো। ১৯৯০ সালে জেলা প্রশাসন মেঘনা উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দাদের ১৪ দশমিক ৭৫ একর জমি লিজ দেয়। পরবর্তীতে ১৯৯৯ সালে তিতাস উপজেলার নতুন বাটেরা এলাকার বাসিন্দাদের আরও ১০ দশমিক ১৪ একর জমি লিজ দেওয়া হয়। এরপর থেকেই জমির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।

জানা গেছে, সম্প্রতি আলীপুর এলাকার লোকজন জমির নিয়ন্ত্রণ নিতে গেলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে টেঁটা, ভল্লম, রামদা, চাপাতি, হকিস্টিক এবং ইট-পাটকেল ব্যবহার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নতুন বাটেরা এলাকার বাসিন্দাদের অভিযোগ, মেঘনা উপজেলার আলীপুর ও বিরনপুর এলাকা থেকে ট্রলারযোগে আসা একদল লোক তাদের গ্রামে হামলা চালিয়ে অন্তত ১০টি ঘরবাড়ি ভাঙচুর করে। একই সঙ্গে একটি মুদি দোকান থেকে প্রায় এক লাখ টাকা লুট করে নেওয়া হয়।

অন্যদিকে আলীপুর এলাকার লোকজন দাবি করেছেন, বিরোধপূর্ণ জমির বৈধ লিজ তাদের নামে রয়েছে। জমি দখলে গেলে প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালায় এবং তাদের পক্ষেরও অনেক মানুষ আহত হন।

সংঘর্ষে আহতদের মধ্যে ফারুক, আনোয়ার হোসেন, রাজ্জাক, বাছির, জাহাঙ্গীর আলম, রবি মোল্লা, সাগর, সালাউদ্দিন, শাহজাহান, সুলতান মিয়া, নাছির মিয়া ও কবির হোসেনসহ অন্তত ২৫ জন রয়েছেন। আহতদের মেঘনা ও তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ থেকে ২২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সাংবাদিক আহত হওয়ার বিষয়ে জানতে চাইলে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।

অপরদিকে তিতাস থানার ওসি মমিরুল হক বলেন, চরের জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর