কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গত ১৩ জুন (শনিবার) রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার ২য় মুরাদপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে কবরী আক্তার (৩২) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, গ্রেফতারকৃত কবরী আক্তার ২য় মুরাদপুর গ্রামের রুবেল মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব-১১ জানিয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।