কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং অনুমোদনহীন কাঁচামাল ব্যবহারের দায়ে একটি আইসক্রিম কারখানার মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ জুন) বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা এবং উপজেলা প্রশাসন, সদর দক্ষিণের যৌথ উদ্যোগে পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
অভিযানে দেখা যায়, সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবস্থিত ‘মায়ের দোয়া আইসক্রিম ফ্যাক্টরি’ অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য হিসেবে ব্যবহৃত আইসক্রিম উৎপাদন করছে। এছাড়া প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই অননুমোদিত কালার, ফ্লেভার ও অন্যান্য কাঁচামাল ব্যবহার করে আইসক্রিম উৎপাদন, বিক্রয় ও বিতরণ করে আসছিল।
এসব অপরাধে কারখানার স্বত্বাধিকারী মো. দিদার মিয়া (৪০)-কে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৪১ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে কারখানায় মজুদ থাকা অননুমোদিত কাঁচামাল ও উৎপাদিত আইসক্রিম ধ্বংস করা হয়।
সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার এর নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মোঃ লুৎফর রহমান। এ সময় বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) মোঃ মোস্তাক আহমেদ এবং ফিল্ড অফিসার (সিএম) মোঃ আমিনুল ইসলাম শাকিল সার্বিক সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভেজাল ও মানহীন খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।