কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একুশে এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ২১ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধীতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একুশে এক্সপ্রেস পরিবহনের বাসটি ধীতপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে বাসে থাকা বহু যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় আহত ২১ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। কর্তব্যরত চিকিৎসক ডা. লতিফ ভূঁইয়া জানান, আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাসের কয়েকজন যাত্রী অভিযোগ করেন, চালক শুরু থেকেই বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা একাধিকবার গতি কমানোর অনুরোধ জানালেও তিনি তা উপেক্ষা করেন। অতিরিক্ত গতি ও অসাবধানতাই দুর্ঘটনার কারণ হতে পারে বলে তারা মনে করছেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।