নওগাঁর আত্রাই উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের এক ইউনিয়ন সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া সিদ্ধেশ্বরী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. বিপ্লব হোসেন (৪৮)। তিনি উপজেলার বান্দাইখাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ জানতে পারে যে, বান্দাইখাড়া সিদ্ধেশ্বরী মোড় এলাকায় কয়েকজন নেতাকর্মী জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় বিপ্লব হোসেনকে আটক করা হয়।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম জানান, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিপ্লব হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।