কোটি টাকা ব্যয়ে সংস্কারের মাত্র আড়াই মাসের মধ্যেই জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন শত শত যানবাহনের চালক ও যাত্রী। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের কারণেই এত দ্রুত সড়কের এই বেহাল অবস্থা তৈরি হয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, জয়পুরহাট শহরের পাঁচুর মোড় থেকে পুরানাপৈল পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের সংস্কারকাজে ব্যয় হয়েছে ২৫ কোটি ৩৬ লাখ ৪ হাজার ৮৭৩ টাকা। কাজটি বাস্তবায়ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ত্রিব্রা লিমিটেড।
প্রকল্পের আওতায় পাঁচুর মোড় থেকে পুরানাপৈল পর্যন্ত চার কিলোমিটার অংশে নতুন কার্পেটিং করা হয়। পাশাপাশি বাকি অংশে প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করা হয়। চলতি বছরের ৮ মে প্রকল্পের কাজ শেষ হলেও কয়েক সপ্তাহের মধ্যেই সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে গর্তের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা গেছে, জয়পুরহাট শহর থেকে পুরানাপৈল পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে উপরের স্তর উঠে গিয়ে খোয়া বের হয়ে এসেছে। কোথাও কোথাও বড় গর্ত তৈরি হওয়ায় যানবাহন চালকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। বর্ষাকালে এসব গর্ত পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, “কাজ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই পিচ উঠতে শুরু করে। এখন এই সড়কে গাড়ি চালানো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত সংস্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”
নিরাপদ সড়ক চাই (নিসচা) জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, “সংস্কারের এত অল্প সময়ের মধ্যে সড়ক নষ্ট হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কাজের মান যাচাই করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের উদ্যোগ নিতে হবে।”
এ বিষয়ে জয়পুরহাট সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাজেশ খান বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো রক্ষণাবেক্ষণ সময়সীমা বা ডিফেক্ট লাইয়াবিলিটি পিরিয়ডের মধ্যে রয়েছে। তাই ক্ষতিগ্রস্ত অংশগুলো তাদের নিজস্ব খরচে মেরামত করতে হবে। বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানানো হয়েছে।”
তবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ত্রিব্রা লিমিটেডের ব্যবস্থাপক নাজমুল হক (মাসুম) বলেন, “চুক্তি অনুযায়ী এক বছরের মধ্যে কোনো ত্রুটি দেখা দিলে আমরা তা মেরামত করব। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত অংশগুলো চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”