কুমিল্লার হোমনায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) হোমনা থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
হোমনা থানাধীন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার মানুষের সমাগম হয় বলে জানিয়েছেন থানা পুলিশ।
সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না; পাশাপাশি সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোমনা চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় পুরো এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক পরিবেশ সৃষ্টি হয়।
হোমনা থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।