কুমিল্লার লালমাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ সালেহ আহমদ।
বৃহস্পতিবার (৯ জুলাই) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ শিপন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে ১০ জুলাই থেকে পরবর্তী ছয় মাসের জন্য এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
ডা. মুহাম্মদ সালেহ আহমদ একজন শিক্ষানুরাগী ও মানবিক চিকিৎসক। তিনি হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন। শিক্ষা ও প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন ডা. মুহাম্মদ সালেহ আহমদ। সদস্য সচিব (পদাধিকারবলে) হিসেবে রয়েছেন অধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন। অভিভাবক সদস্য হিসাবে মো. আবদুল কাদের এবং শিক্ষক প্রতিনিধি সদস্য মো. ছিদ্দিকুর রহমান।
নবনিযুক্ত সভাপতি ডা. মুহাম্মদ সালেহ আহমদ বলেন, “আমার স্কুলজীবন কেটেছে এই প্রতিষ্ঠানে। প্রিয় এই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে আবারও দায়িত্ব পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। প্রতিষ্ঠানটিকে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।”
তিনি আরও বলেন, “এ দায়িত্ব পালনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।