সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি কর্মীর মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) দেশে আনা হচ্ছে। নিহতদের মধ্যে সাতজনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গত ২৫ আগস্টের এক সরকারি চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ জন বাংলাদেশি কর্মী নিহত হন। পরে সৌদি কর্তৃপক্ষ ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে নিহতদের মধ্যে নয়জনের পরিচয় শনাক্ত করে।
সৌদি আরবে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ বিমানের BG-340 ফ্লাইটে আগামী ২৭ আগস্ট বিকেল ৪টায় মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
পরিচয় শনাক্ত হওয়া নয়জনের মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাতজন, নাটোরের নলডাঙ্গা উপজেলার একজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন।
নিহতরা হলেন-
নওগাঁর আত্রাই উপজেলার- ফরিদ, রুবেল প্রামাণিক, সোহেল রানা, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী, সুমন আলী ও আব্দুল জলিল সরকার। নাটোরের নলডাঙ্গা উপজেলার রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা উপজেলার
শ্যামল উদ্দিন মাঝি।
মরদেহগুলো গ্রহণ এবং স্বজনদের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
তবে অগ্নিকাণ্ডে নিহত অপর সাত বাংলাদেশির পরিচয় শনাক্তকরণ এবং তাদের মরদেহ দেশে ফেরানোর বিষয়ে মন্ত্রণালয়ের ওই চিঠিতে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।