সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কুমিল্লা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) কুমিল্লা নগরীর সালাউদ্দিন মোড়স্থ হোটেল জলতরঙ্গের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি বিএম মহিউদ্দিন মন্টির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক, সহসভাপতি ও এনটিভির প্রতিনিধি মনোয়ার হোসেন, সহসভাপতি আব্দুল আওয়াল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও আনন্দ টেলিভিশনের প্রতিনিধি এম এ কাদের অপু, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয় এবং বীর মুক্তিযোদ্ধা হাজী ফরিদ উদ্দিন আহমেদ।
সভায় বিগত দিনের সাংগঠনিক কার্যক্রম ও সদস্যদের দায়িত্ব পালনের বিষয় পর্যালোচনা করা হয়। একই সঙ্গে সংগঠনের বর্তমান সাংগঠনিক অবস্থা, বিভিন্ন উপজেলায় কমিটি গঠন এবং কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দায়িত্ব পালনে নিষ্ক্রিয় সদস্যদের বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
সভায় জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, কোনো সাংবাদিক নির্যাতন, হামলা বা হয়রানির শিকার হলে কিংবা পারিবারিক অসচ্ছলতা বা দুর্ঘটনার কবলে পড়লে সংগঠনের পক্ষ থেকে দ্রুত সাংগঠনিক, মানবিক ও প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়া হবে।
এছাড়া সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, জেলা কমিটির জরুরি সহায়তা ফান্ড গঠন, নিয়মিত মাসিক চাঁদা পরিশোধ এবং সংগঠনের জন্য স্থায়ী অফিস নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের আয়োজন, সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে খেলাধুলার আয়োজন এবং পরিবেশ রক্ষায় মাসব্যাপী বৃক্ষচারা বিতরণ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। পাশাপাশি উপজেলা পর্যায়ে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে অভিভাবক সমাবেশ আয়োজন এবং গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।
জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সদস্যদের যোগ্যতা, দক্ষতা ও সাংগঠনিক ভূমিকা বিবেচনায় জেলা কমিটির বিভিন্ন সম্পাদকীয় পদে ১৭ জন সদস্যকে এবং ৮ জন সাধারণ সদস্যকে নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে অনুমোদিত তালিকা সভায় উপস্থাপন করা হয়।
সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের বিভিন্ন সমস্যা, মতামত ও প্রস্তাব তুলে ধরেন। পরে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
সভায় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর করতে প্রত্যেক সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সাংবাদিকদের প্রশিক্ষণ, সভায় নিয়মিত উপস্থিতি এবং পারস্পরিক সমন্বয় বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির অর্থবিষয়ক সম্পাদক আলমগীর হোসেন বাচ্চু, উপ-অর্থবিষয়ক সম্পাদক মোতালেব হোসেন, জরুরি সহায়তা ও চিকিৎসাবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম শাহিন, মামলা ও নির্যাতন মনিটরিং সেলের সদস্য আশিকুর রহমান মজুমদার, সাংবাদিক সুরক্ষা বিষয়ক সম্পাদক ও আরটিভির প্রতিনিধি আব্দুর রব লাভলু, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সাইফুল্লাহ খন্দকার, আপ্যায়নবিষয়ক সম্পাদক এম কে নুর আলম, লালমাই উপজেলা শাখার সভাপতি ও জেলা কমিটির নির্বাহী সদস্য রিয়াজ মোশেদ মাসুদ, লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন, জেলা কমিটির শিক্ষক প্রতিনিধি মাওলানা জামাল উদ্দিন, সাধারণ সদস্য আব্দুল জলিল, সৈয়দ সালাউদ্দিন, রাসেল, গাজী জহিরুল ইসলাম গোল্ডেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।