কুমিল্লার সদর দক্ষিণে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ডাম্প ট্রাক ও একটি এক্সক্যাভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন।
২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার চৌয়ারা ইউনিয়নের পাগলী খাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কৃষিজমির মাটি কেটে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করার অভিযোগে মাটি কাটার কাজে ব্যবহৃত ওই ডাম্প ট্রাক ও এক্সক্যাভেটর জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে অভিযানে সহকারী কমিশনার ভূমি নুরুল আখতার নিলয়, সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি টিম এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে কৃষিজমির উর্বর মাটি বা টপসয়েল কেটে নেওয়ার ফলে জমির উৎপাদনশীলতা কমার পাশাপাশি পার্শ্ববর্তী জমিতে ভাঙন ও জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হচ্ছে।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।