নওগাঁর আত্রাই উপজেলায় ক্লাস চলাকালীন সময়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের ছাদের একাংশ ধসে অন্তত ৭ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই শিক্ষার্থীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বৈঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, তৃতীয় শ্রেণির কক্ষে সহকারী শিক্ষিকা রিক্তা রানী পাল পাঠদান করছিলেন। এ সময় হঠাৎ কক্ষের পেছনের দিকের একটি বিমসহ ছাদের অংশ ভেঙে শিক্ষার্থীদের ওপর পড়ে। এতে শ্রেণিকক্ষে থাকা অন্তত সাতজন শিক্ষার্থী আহত হয়। কয়েকজন শিক্ষার্থী মাথায় গুরুতর আঘাত পেয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার পর শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা জানান, আহতদের চিকিৎসা চলছে। তবে দুই শিক্ষার্থীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃত কুমার পাল বলেন, “ভবনটি দীর্ঘদিন ধরে অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছিল। কিন্তু নতুন ভবন নির্মাণ বা সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় বাধ্য হয়ে সেখানে পাঠদান চালিয়ে যেতে হচ্ছিল। আজ তারই মর্মান্তিক পরিণতি ঘটেছে।”
এদিকে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী অভিযোগ করেছেন, ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
ঘটনার পর এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।