নওগাঁর রানীনগরে ৬ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুজন হলো—মো. ইফতিয়াক (১৫) ও মো. মাৎরুফ (১৬)।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট বিকেল আনুমানিক ৪টার দিকে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযানে নামে রানীনগর থানা পুলিশ।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পুলিশের একটি বিশেষ দল দ্রুত অভিযান পরিচালনা করে। স্থানীয়দের সহযোগিতায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দুই কিশোরকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ২৭ আগস্ট রানীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর রানীনগর থানা ও নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দুই কিশোর শিশুটিকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত যেকোনো অপরাধের বিষয়ে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।