নরসিংদীর শিবপুরে এক নারীকে ‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে’— এমন প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে শিবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আকন্দের বিরুদ্ধে। অভিযোগসংবলিত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিও বক্তব্যে ওই নারী দাবি করেন, আশরাফ উদ্দিন আকন্দ তাকে রাত ১২টার দিকে পুকুরপাড়ে দেখা করতে বলেন এবং বিনিময়ে একটি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার আশ্বাস দেন। তিনি আরও অভিযোগ করেন, এর আগেও গরিব ও অসহায় মানুষের জন্য বরাদ্দ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে।
তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা আশরাফ উদ্দিন আকন্দ। তিনি বলেন, “আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। প্রায় পাঁচ মাস আগে আমার পা ভেঙে গেছে। এখনো পুরোপুরি সুস্থ নই। এমন অবস্থায় রাত ১২টার সময় পুকুরপাড়ে যাওয়ার প্রশ্নই আসে না।”
তিনি আরও দাবি করেন, অভিযোগকারী নারী ঈদের সময় তার কাছে কাপড় ও চালের স্লিপ চেয়েছিলেন। তা দিতে না পারায় তখন থেকেই তার বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হচ্ছে।
এ বিষয়ে শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছেন। তার ভাষ্য, আশরাফ উদ্দিনের এমন ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। কারণ, পা ভাঙার কারণে তিনি দীর্ঘদিন ধরে বাড়িতেই অবস্থান করছেন।
জাকির হোসেন আরও বলেন, “শিবপুরে এখনো ফ্যামিলি কার্ড কার্যক্রমই শুরু হয়নি। তাই এমন প্রতিশ্রুতির বিষয়টি বাস্তবসম্মত নয়। তবে অভিযোগের সত্যতা তদন্তে প্রমাণিত হলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, ঘটনাটি ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।