রংপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মহানগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা অভিযোগপত্রটি থানায় জমা দেন। অভিযোগপত্রে স্বাক্ষর করেন জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগরের যুগ্ম সদস্য সচিব মাহদী হাসান অনিক।
অভিযোগপত্রে বলা হয়, গত ১৪ জুলাই জাতীয় সংসদ ভবনের সামনে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর শিক্ষামন্ত্রীসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের নির্দেশে পুলিশ হামলা চালায় এবং আন্দোলনকারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজ করে। এতে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়া, নতুন কারিকুলাম ও সাম্প্রতিক শিক্ষাসংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
এর আগে, বুধবার দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলা ৩টার দিকে তারা মহানগর কোতোয়ালি থানার সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন এবং হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান।
এ সময় মাহদী হাসান অনিক বলেন, “ঢাকায় সংসদ ভবনের সামনে আমাদের অনেক শিক্ষার্থীর ওপর পুলিশি হামলা চালানো হয়েছে। আমরা টাউন হল থেকে থানা পর্যন্ত কর্মসূচি পালন করেছি। দেশে আইন রয়েছে, তাই জনদুর্ভোগ এড়িয়ে আইনের মাধ্যমেই বিষয়টির সমাধান চাই। থানার কর্মকর্তারা আমাদের আশ্বস্ত করেছেন যে, বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন। আপাতত আমরা মামলা করিনি, অভিযোগ আকারে জমা দিয়েছি।”
তিনি আরও বলেন, “ঢাকার শিক্ষার্থীরা যেভাবে কর্মসূচি এগিয়ে নেবে, আমরাও সেভাবেই এগোব। আমাদের কর্মসূচির সঙ্গে কোনো রাজনৈতিক দল জড়িত নয়।”
আরেক শিক্ষার্থী বলেন, “শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতেই আমরা থানায় অভিযোগ দিয়েছি। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”
এ বিষয়ে রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, “শিক্ষার্থীরা থানায় এসে আমাদের সঙ্গে কথা বলেছে। পরে তারা একটি লিখিত অভিযোগ জমা দিয়েছে বলে শুনেছি।”
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওইদিন পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুলের অভিযোগ তুলে রংপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় বুধবার তারা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন।