নওগাঁর মান্দা উপজেলায় যৌতুকের দাবিতে শিকল দিয়ে বেঁধে নির্যাতন এবং পরবর্তীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে মোঃ মাহবুল হাসান সুমন নামে এক সেনা সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ন্যায়বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী স্ত্রী মোছাঃ দিলরুবা আক্তার (২২)।
রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলার গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি। অভিযুক্ত মাহবুল হাসান সুমন মান্দা উপজেলার মধ্য মৈনম গ্রামের মোঃ চয়েন আলী শাহের ছেলে। তিনি বর্তমানে খাগড়াছড়ি সেনানিবাসের ১৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সৈনিক (নং-৪০৬৩৪৪৫) হিসেবে কর্মরত রয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দিলরুবা আক্তার অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময়ে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করেন। যৌতুকের টাকা না পেয়ে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে তাকে শিকল দিয়ে বেঁধেও নির্যাতন করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় আদালতের নির্দেশনা অমান্য করে তার স্বামী একতরফাভাবে তালাক প্রদান করেন। এতে তিনি চরম অসহায় অবস্থায় পড়েছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর বাবা দেলোয়ার হোসেন, মা নার্গিস বেগম ও দাদা আজিজার রহমানও বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় বাসিন্দা তাইজুল ইসলাম, ফুলজান, নুরজাহান বেগম ও বিউটি খাতুনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী ও তার পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত সেনা সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।