কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৯ কেজি অবৈধ গাঁজা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ মো. আল-আমিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণপাড়া থানাধীন ৪ নম্বর শশীদল ইউনিয়নের শশীদল রেলস্টেশন সংলগ্ন দারোগা বাড়ির তিন রাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, থানার এসআই রূপম কুমার সরকার ও এএসআই মো. নুর আল-আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় শশীদল রেলস্টেশন সংলগ্ন এলাকায় জনৈক সেলিম মিয়ার চায়ের দোকানের সামনে পাকা সড়কের ওপর থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
অভিযানে ঘটনাস্থল থেকে মো. আল-আমিন (৪৫)কে আটক করা হয়। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আশাবাড়ি মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল আজিজ এবং মৃত রাজিয়া খাতুন দম্পতির ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, আটক ব্যক্তি মাদক বিক্রির সঙ্গে জড়িত। উদ্ধার করা গাঁজা ও অটোরিকশা জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।