কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের ছোট দুষিয়া পশ্চিমপাড়া গ্রামে পুকুর থেকে আলামিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ হত্যাকাণ্ডের আশঙ্কা করলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণপাড়া থানাধীন চান্দলা ইউনিয়নের ছোট দুষিয়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মুসলিম উদ্দীনের নতুন মাটি ভরাটকৃত বাড়ির উত্তর-পশ্চিম পাশে পুকুরপাড়ের পশ্চিম দিকে পানিতে ডুবন্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া মরদেহটি আলামিনের। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তাঁর পিতা অহিদ মেম্বার। মৃতের বয়স আনুমানিক ৩৫ বছর।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ডেইলি টাইমস নিউজকে বলেন, “ঘটনাটি হত্যাকাণ্ডও হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।