কুমিল্লার বুড়িচংয়ে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘বিকেজি (BKG)’-এর কথিত লিডার মো. ছাব্বির (২৬)কে আটক করেছে থানা পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাকশীমুল ইউনিয়নের বাকশীমুল মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার আবদুল মজিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার ৭ নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন ছাব্বির। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার পলাতক আসামি ছাব্বিরকে শুক্রবার সকালে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।