প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ঘোষিত ফলাফলে সাধারণ গ্রেড (কোটা) ক্যাটাগরিতে বৃত্তি লাভ করেছে নওগাঁর আত্রাই উপজেলার কৃতি শিক্ষার্থী জান্নাত আরা। উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলকাকলী মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নিয়ে সে এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।
জান্নাত আরা আত্রাইয়ের স্থানীয় গণমাধ্যমকর্মী ও আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন এবং মোছা. নাজমা খাতুন দম্পতির কন্যা। পরীক্ষায় তার রোল নম্বর ছিল ১০১৯২২৫। মেধার এই স্বীকৃতি অর্জনের পর পরিবার, স্বজন ও শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দের আমেজ বিরাজ করছে।
মেয়ের এই সাফল্যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মো. রুহুল আমিন বলেন, “জান্নাত ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী। তার মায়ের অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনায় সে আজ এই সাফল্য অর্জন করেছে। আমি সবার কাছে আমার মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চাই, যেন সে বড় হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে।”
কলকাকলী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাজেদুর রহমান জান্নাত আরাকে অভিনন্দন জানিয়ে বলেন, “প্রতিষ্ঠানের শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীর কঠোর অধ্যবসায়ের ফলেই এই গৌরব অর্জন সম্ভব হয়েছে। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”
উল্লেখ্য, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল রোববার (১২ জুলাই) প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় মেধা ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।