কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে করে পাচারের সময় বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে গাড়ির চালকসহ দুজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরজুলি এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অবস্থান নেয় ডিবির একটি দল। চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি সাদা রঙের প্রাডো গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির লাগেজ থেকে স্কচটেপে মোড়ানো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে ফয়সাল হোসেন (২৫) ও গাড়িচালক আমান উল্লাহ (৩৫) নামে দুজনকে আটক করা হয়। তাদের দুজনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
ইয়াবা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইয়াবাগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, জিজ্ঞাসাবাদ শেষে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।