1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’, তিন ওয়ার্ডে একটি ওয়েলবিং সেন্টার: জয়পুরহাটে স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পঠিত

প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের তৃণমূল স্বাস্থ্যব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ চালুর মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা এক ছাতার নিচে আনার পরিকল্পনা করছে সরকার।

রোববার (২৩ আগস্ট) বিকেলে জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ের ‘হেলথ হাব’-এ চিকিৎসক পদায়নের পাশাপাশি সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করা হবে। একই সঙ্গে প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, শুধু হাসপাতালনির্ভর চিকিৎসা ব্যবস্থার পরিবর্তে মানুষের বাড়ির কাছেই প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করবেন। পাশাপাশি স্তন ও জরায়ু ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবেন।

স্বাস্থ্যসেবার অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর শয্যাসংখ্যা ১৫১টিতে উন্নীত করা হচ্ছে। পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা হাসপাতালে ১০টি এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

মেডিকেল কলেজের শিক্ষক সংকট ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালুর বিষয়ে মন্ত্রী বলেন, প্রয়োজনীয় শিক্ষক দ্রুত নিয়োগ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে জনবল তৈরি করে বর্তমানে বন্ধ থাকা আইসিইউগুলো সচল করা এবং নতুন মেডিকেল কলেজগুলোর কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এসব পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানো হবে।

তবে স্বাস্থ্যসেবার অবকাঠামো ও সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। মন্ত্রী সতর্ক করে বলেন, চিকিৎসাসেবার মান বাড়ানোর ক্ষেত্রে কোনো ধরনের কর্তব্যে অবহেলা বরদাশত করা হবে না।

এর আগে বিকেলে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, জনবল, অবকাঠামো ও রোগীদের সুযোগ-সুবিধার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর