নওগাঁ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৯ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টার অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দিয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীন আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায়, ২৪৪/এমপি সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে।
পুশ-ইনের শিকার ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
খবর পেয়ে আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তের শূন্য রেখার (জিরো লাইন) মধ্যে অবস্থানরত ওই ব্যক্তিদের শনাক্ত করে। পরে বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজিবি জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, এ ঘটনার পর সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা দেখা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।