নওগাঁর মান্দা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভারশোঁ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতিসহ চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৭জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ১ নম্বর ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত মেহের আলী শাহের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হামিদের সঙ্গে একই গ্রামের হায়দার আলী শাহের দীর্ঘদিন ধরে শরিকানা জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে। রোববার সকালে বিবাদমান জমিতে হালচাষকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, হায়দার আলী শাহের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি ওই জমিতে হালচাষ করতে গেলে আব্দুল হামিদ বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আব্দুল হামিদ গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই মান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে। আটককৃতরা হলেন—এ ঘটনায় প্রধান অভিযুক্ত ভারশোঁ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আপেল মাহমুদ (২৫), তার বাবা হায়দার আলী (৫৫), মা আলেফা বেগম (৫০) এবং চাচা আব্দুল মতিন (৪০)।
স্থানীয় বাসিন্দারা জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিরোধে আব্দুল হামিদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রধান অভিযুক্তসহ চারজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।