নওগাঁর পোরশা উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ১ কেজি শুকনো গাঁজা ও ৪টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পোরশা থানার নেতৃত্বে ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে দক্ষিণ লক্ষীপুর এলাকার নিজ বাড়ি থেকে ১ কেজি শুকনো গাঁজাসহ মোছা. পারুল বেগম (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
একই রাতে প্রায় দুই ঘণ্টাব্যাপী অপর অভিযানে দক্ষিণ লক্ষীপুর দীঘিপাড়া এলাকায় অনিল (৫০) নামে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে ৪টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছগুলোর মধ্যে একটির উচ্চতা ৭ ফুট, অপরটির ৬ ফুট এবং বাকি দুটি যথাক্রমে ৪ ফুট ৪ ইঞ্চি ও ২ ফুট ৮ ইঞ্চি। গাছগুলোর মোট ওজন ৪ দশমিক ৫০ কেজি বলে জানিয়েছে পুলিশ।
পোরশা থানার ওসি জিয়াউর রহমান জানান, আটক দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে পোরশা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।