নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীর পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর (শিমুলতলী) গ্রামের সংলগ্ন আত্রাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—রসপুর (শিমুলতলী) গ্রামের মো. তৌহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ জিসান উন নবী (৯) এবং একই গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. তাওহিদ ইসলাম (৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে জিসান ও তাওহিদ একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে অন্যদের সঙ্গে রসপুর গ্রামের পাশে আত্রাই নদীতে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে নদী ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন নদীতে মাছ ধরার জন্য জাল ফেললে শিশু দুটির নিথর দেহ জালের সঙ্গে উঠে আসে। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ধামইরহাট থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে বলে জানা গেছে।
একই গ্রামের দুই শিশুর একসঙ্গে এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।