বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কুমিল্লার দাউদকান্দি পৌর বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১৭ আগস্ট) রাত ৮টা ১০ মিনিট থেকে ৯টা পর্যন্ত পরিচালিত অভিযানে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এরই অংশ হিসেবে দাউদকান্দি পৌর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার রাত ৮টা ১০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব), সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাহিদ আহমেদের নেতৃত্বে অভিযান শুরু হয়। এ সময় বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করে নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযান চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। তবে তাৎক্ষণিকভাবে জরিমানার পরিমাণ ও দোকানগুলোর নাম জানা যায়নি।
উপজেলা প্রশাসন জানায়, বিদ্যুৎ সাশ্রয় এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে দাউদকান্দি বাজারে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
অভিযান প্রসঙ্গে নাহিদ আহমেদ বলেন, “সরকারের জারি করা নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ব্যবসায়ী ও দোকান মালিকদের নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ করার জন্য সতর্ক করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তবে হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবার প্রতিষ্ঠান এবং নির্দেশনায় নির্ধারিত কিছু বিশেষ কার্যক্রম এ বিধিনিষেধের আওতামুক্ত রয়েছে।