কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পশ্চিম হুগুলিয়া গ্রামে মারকাজ মসজিদের কমিটি ও নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন।
রবিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পশ্চিম হুগুলিয়া গ্রামের নাজমুলের দোকানের সামনে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মারকাজ মসজিদের কমিটি গঠন ও নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও একই বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে এবং একসময় মসজিদটি দীর্ঘদিন বন্ধ ছিল।
গৌরীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতা সাইফুল ইসলাম জানান, নাজমুলের দোকানের সামনে দুলাল (৩০) উস্কানিমূলক বক্তব্য দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। তার অভিযোগ, প্রতিপক্ষ অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি হামলা করে।
আহতদের মধ্যে সাদ গ্রুপের রমজান (৪৫), নাজমুল (২৮), সোহাগ (৩৫), রাকিব (২৩), কাউসার (৩২), আবদুল্লাহ (১৭), রিপন (৪৫) ও রাফি (১২) রয়েছেন। অপরদিকে জুবায়ের গ্রুপের সোহেল (৪৫) গুরুতর আহত হন। গুরুতর আহত সোহেল ও কাউসারকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়দের দাবি, মসজিদের কমিটি নিয়ে বিরোধ এখনো নিষ্পত্তি না হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের সময় উভয় পক্ষের বেশ কয়েকজন অংশ নেন, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”