কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ মো. রাসেল নামে এক যুবককে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
গ্রেফতার রাসেল দাউদকান্দি উত্তর ইউনিয়নের হাসনাবাদ (ভিটিকান্দি) গ্রামের জজ মিয়ার ছেলে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় রাসেলের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল পুলিশকে জানিয়েছে, কুমিল্লা শহর থেকে এক লাখ ৫০ হাজার টাকায় অস্ত্র ও গুলি সংগ্রহ করেছিল।
দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, পুলিশের সতর্ক ও কৌশলগত তৎপরতায় অস্ত্রসহ রাসেলকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেফতার রাসেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।