1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ প্রতিরোধে রাজপথে থাকার ঘোষণা বিএনপির

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৪৬ বার পঠিত

দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সরকারের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, রাজনীতির নামে আওয়ামী লীগের কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড কিংবা ‘চোখ রাঙানি’ সহ্য করা হবে না। জনগণকে সঙ্গে নিয়ে এসব অপতৎপরতা কঠোরভাবে প্রতিহত করা হবে।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বিশ্বরোড, গৌরীপুর, শহীদনগর, জিংলাতলী, রায়পুর ও ইলিয়টগঞ্জ এলাকায় আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে ড. মারুফ বলেন, “আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাসী ছিল না; বরং তারা ভোটাধিকার হরণ, একদলীয় শাসন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের রাজনীতি করেছে।” তিনি অভিযোগ করেন, টানা ১৭ বছর ক্ষমতায় থেকে দলটি দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও গণতান্ত্রিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি আরও বলেন, “যখন সরকার দেশের উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে, তখন আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে পুরোনো ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তবে দেশের জনগণ এসব ষড়যন্ত্র সম্পর্কে সচেতন এবং জাতীয় স্বার্থবিরোধী যেকোনো তৎপরতা জনগণকে সঙ্গে নিয়েই প্রতিহত করা হবে।”

বিএনপির এই নেতা দাবি করেন, জনগণের শান্তি ও কল্যাণ আওয়ামী লীগের রাজনীতির লক্ষ্য নয়। বরং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি এবং রাষ্ট্রকে দুর্বল করার উদ্দেশ্যে তারা নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখবে।

ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. লতিফ ভূঁইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মামুন হোসেন ভূঁইয়াসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এদিকে সকালে দাউদকান্দি সদরে ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ মিলনায়তনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মারুফ। সেখানে তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে মাঠের রাজনীতিতে সক্রিয় উপস্থিতি জোরদারের অংশ হিসেবে বিএনপি দেশজুড়ে সাংগঠনিক কর্মসূচি বৃদ্ধি করেছে। দাউদকান্দির এ কর্মসূচিকেও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর