কুমিল্লার তিতাস উপজেলার কেশবপুর গ্রামের পূর্বপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
বুধবার (১৭ জুন) দুপুর আনুমানিক আড়াইটার দিকে সংঘটিত এ ঘটনায় নিহত হয়েছেন মানিক মিয়া (৪২)।
নিহত মানিক মিয়া উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান (হবি) মিয়ার বড় ছেলে। ঘটনার পর অভিযুক্ত ছোট ভাই রাজীব (৩৮) পালিয়ে গেলে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে রাজীব কোদাল দিয়ে বড় ভাই মানিক মিয়ার ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক বলে মন্তব্য করেন। ভাইয়ের হাতে ভাই হত্যার এমন ঘটনা এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক ডেইলি টাইমস নিউজকে বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহের সুরতহাল কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।