কুমিল্লার চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
শনিবার (৬ জুন) উপজেলার কুটুম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি দীর্ঘ সময় ধরে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাদের আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের আটক করে তল্লাশি চালান। এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিদের কাছে থাকা অস্ত্র এবং তাদের চলাফেরার ধরন দেখে ডাকাতির প্রস্তুতির বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। পরে খবর পেয়ে চান্দিনা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ডেইলি টাইমস নিউজকে বলেন, স্থানীয়দের হাতে আটক হওয়া ৫ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।