কুমিল্লায় ৬টি অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
২২ আগস্ট দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে বুড়িচং উপজেলার ময়নামতি এলাকার কাটা জঙ্গল এলাকার বিদ্যুৎ অফিসের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র সরকারি শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে মোটরসাইকেল এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রির জন্য পরিবহন করছে। পরে ডিবির একটি দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
এ সময় ৬টি মোটরসাইকেলে করে ৯ জন সেখানে পৌঁছালে পুলিশ তাদের থামার সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে অভিযান চালিয়ে ৯ জনকেই গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিলেটের গোয়াইনঘাটের কামিম আহম্মদ (২৮) ও কাওছার হোসেন (২৬), কোতোয়ালির আঃ করিম (৩০) ও রাজু আহম্মদ (২৮), জালালাবাদের পাবেল আহম্মদ (২৬) ও হোসাইন (২৩), সুনামগঞ্জ সদর এলাকার সাইদুল ইসলাম (২২), দিরাইয়ের রিপন চন্দ্র দাস (২৯) এবং ছাতকের আবিদুল ইসলাম (২৮)।
ডিবি জানায়, মোটরসাইকেলগুলোর বৈধ রেজিস্ট্রেশন ও মালিকানাসংক্রান্ত কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে শুল্ক ফাঁকি দিয়ে মোটরসাইকেল এনে কুমিল্লা, ফেনী, কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে একটি নীল-সাদা Yamaha R15, দুটি কালো Yamaha MT15, একটি সাদা Yamaha R15, একটি কালো Yamaha R15 এবং একটি নীল Yamaha R15 মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সবগুলো মোটরসাইকেলেরই কোনো রেজিস্ট্রেশন নম্বর ছিল না।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।