কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত খোকন (৫০)-কে আটক করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ৩০ জুন ভোররাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে বিজয়পুর বাজারের একটি কনফেকশনারি দোকানের সামনে ফুটপাতে ঘুমিয়ে থাকা ওই নারীর ওপর যৌন নির্যাতনের ঘটনা ঘটে। কয়েকদিন পর শনিবার ঘটনাটির সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং তদন্তে গতি পায়।
ভিডিও বিশ্লেষণের মাধ্যমে পুলিশ অভিযুক্তকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারসংলগ্ন দুর্গাপুর এলাকার বাসিন্দা দুলা মিয়ার ছেলে খোকন (৫০) হিসেবে শনাক্ত করে। এরপর শনিবার সন্ধ্যায় জেলার বরুড়া উপজেলার ঝলম এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়দের দাবি, খোকন দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া পরিচালনার সঙ্গে জড়িত এবং একজন চিহ্নিত জুয়াড়ি হিসেবে পরিচিত।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম ডেইলি টাইমস নিউজ-কে বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। সব প্রক্রিয়া শেষে রোববার তাকে কুমিল্লার আদালতে সোপর্দ করা হবে।