কুমিল্লা নগরীতে সাঁড়াশি অভিযান চালিয়ে চিহ্নিত ১০ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ।
পুলিশ জানায়, গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে থানায় মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নগরীর বিভিন্ন এলাকায় ওৎ পেতে থেকে সুযোগ বুঝে ছিনতাই করার কথা স্বীকার করেছে। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সঙ্গে তারা জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃত ১০ ছিনতাইকারীরা হলেন-
কুমিল্লার কোতয়ালি মডেল থানাধীন আড়াইওরা খানপাড়া এলাকার কামাল খান ও ঝর্ণা বেগমের ছেলে রাকিব খান (২৬), আড়াইওরা এলাকার আব্দুর রহমান ও নুরু আক্তারের ছেলে ইমন (২৫), শাসনগাছার মৃত আব্দুল রাজ্জাক ও আনোয়ারা বেগমের ছেলে সাকিব (২৬), শংরাইস এলাকার মিলন মিয়া ও হাসিনা বেগমের ছেলে নাহিদ (২২), শাসনগাছা এলাকার আব্দুর সামাদ ও জোসনা বেগমের ছেলে মোঃ শরিফ (২৭), বজ্রপুর এলাকার মৃত শাহ আলম ও তাহেরা বেগমের ছেলে মোঃ রকি (১৯), গোবিন্দপুর এলাকার মোঃ শহিদুল্লাহ ও শামসুন্নাহারের ছেলে মোঃ ইয়াছিন (২৭), মুরাদনগরের সাতমুড়া এলাকার শাহজাহান ও নাছিমা বেগমের ছেলে মোঃ সোহেল (২৫), অশোকতলা এলাকার মোঃ আলী ইসলাম ও মনোয়ারা বেগমের ছেলে মোঃ জাহিদ (২০) এবং মুরাদনগরের পাঁচপুকুরিয়া এলাকার খালেদ ও মৃত মুর্শীদা বেগমের ছেলে মোঃ রবিন (২১)।
পুলিশের দাবি, নগরীতে ছিনতাই প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।