কুমিল্লার দেবীদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া (৫২) ও বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানকে (১৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) ও থানা পুলিশের যৌথ দল। এসএসসি পরীক্ষার সাধারণ বিজ্ঞান (১২৭) বিষয়ের উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে এক শিক্ষার্থীকে দিয়ে খাতা দেখানোর অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেলে ডেইলি টাইমস নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
গ্রেপ্তার হওয়া বাচ্চু মিয়া মুরাদনগর উপজেলার নগরপাড় গ্রামের মৃত আব্দুল সোবহানের ছেলে। অপরদিকে, মেহেদী হাসান আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
অনুসন্ধানে জানা যায়, এসএসসি পরীক্ষা-২০২৬-এর সাধারণ বিজ্ঞান বিষয়ের ২০০টি উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব পান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া। কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে খাতাগুলো গ্রহণ করার পর তিনি নিজে মূল্যায়ন না করে বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে দিয়ে খাতা মূল্যায়ন করান বলে অভিযোগ ওঠে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানায়, ভাইরাল হওয়া ভিডিওতে বিদ্যালয়ের একটি কক্ষে বসে মেহেদী হাসানকে দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন করাতে দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।
ঘটনার পর শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের নির্দেশনা অনুযায়ী বিষয়টি আমলে নেয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোছা. পাপিয়া আক্তার পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১০, ১২ ও ১৩ ধারায় শনিবার রাতে দেবীদ্বার থানায় মামলা দায়ের করেন। থানায় মামলাটি ৮ নম্বর হিসেবে নথিভুক্ত করা হয়।
মামলা দায়েরের পর শনিবার রাতেই দেবীদ্বার থানা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) যৌথ অভিযানে প্রধান শিক্ষক বাচ্চু মিয়া এবং উত্তরপত্র মূল্যায়নে অংশ নেওয়া শিক্ষার্থী মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।
দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, “ভাইরাল ভিডিওর ঘটনায় শিক্ষা বোর্ডের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।”