কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও উঠতি বয়সী অপরাধপ্রবণ কিশোরদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। অভিযানে কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ।
পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। বিষয়টি সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। এর পরিপ্রেক্ষিতে কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশে জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নগরীর বিভিন্ন স্থানসহ প্রতিটি থানার আওতাধীন এলাকায় বখাটেদের উৎপাত রয়েছে—এমন বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি অংশ নেন।
অভিযানে আটক ৬২৪ জনের পূর্বের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
কিশোর গ্যাংয়ের সদস্যরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সে লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।